প্রচ্ছদ > বিনোদন >

নারী সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহের পর যা বললেন দিলরুবা খান

article-img

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 

মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় ‘পাগল মন’খ্যাত সংগীতশিল্পী বলেন, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও নিজের ভাবনা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। দিলরুবা খান বলেন, দলের যেসব সদস্য অনেক ত্যাগী, দল যাদের যোগ্য মনে করবে, তাদেরই যেন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। 

তিনি বলেন, আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সরকারে থেকে এ কাজগুলো বড় পরিসরে করা সম্ভব—এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি আরও বলেন, আজ (শনিবার) মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে মনে হয়েছে—আমি হয়তো বিগত সরকারের আমলে বিএনপি করায় বেতার-টেলিভিশনে ব্ল্যাকলিস্টেড ছিলাম। তবে আমার চেয়েও অনেক ত্যাগী কর্মী এ দলে রয়েছে।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে দলীয় নেত্রীদের তোপের মুখে পড়েন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তবে এ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবং কনকচাঁপা বলেন, 'আমি আশাবাদী।’

আরেক সংগীতশিল্পী রিজিয়া পারভীন জয়পুরহাট-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলেও জানা গেছে। 

সংগীতাঙ্গনের পরিচিত মুখদের রাজনীতির মাঠে সক্রিয় অংশগ্রহণ ঘিরে এরই মধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।